প্রজাপতিটা উড়ে বেড়াচ্ছিল এ ফুল থেকে ও ফুল। কিছুটা সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম ওর উড়ে চলা। হঠাৎ কিরকম যেন উদ্ভ্রান্ত হলাম, হাতের মুঠোয় পুরে নিলাম ওকে। ত্রস্ত পায়ে হেঁটে খুঁজে নিলাম নির্জন নীরব পথের বাঁক। অদূরে জ্বলছে হলদে স্ট্রিট লাইট।ডানা ঝাপটাতে থাকা, গোঙাতে থাকা কাজল রাঙানো চোখে আতঙ্কের ছায়া। কিছু বলতে চাওয়ার আভাস চাহনিতে। সময় ক্ষেপন না করে আর, ছিঁড়তে শুরু করলাম ওর ডানাগুলো। কোঁকড়ান শুঁরগুলো কেটে দিলাম ক্রমশ, ঝেড়ে দিলাম সবটুকু আক্রোশ সবেগে। নিথর ওকে গড়িয়ে দিলাম নর্দমায়, চেতনাহীন পড়ে রইলো নোংরা জলে। তৃপ্ত দেহে সুখ আবেশে চললাম এগিয়ে, খুঁজে পাবার আশায় নতুন শিকার।
জ্যোতি... ১৬.০৯.২০১৭
জ্যোতি... ১৬.০৯.২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন