রবিবার, ১৪ জুলাই, ২০১৯

বর্ষাকথন-০১

ঝমঝম ঝমঝম করে ঝরছে বৃষ্টি
বকুলের পাতা ছুঁয়ে ফুল ছুঁয়ে
আবেগে গুর গুর করে ডাকছে মেঘদল
তোমাতে আমাতে দিয়েছি ডুব সে আবেগে
সিক্ত কম্পিত তোমার নাকের ওপরে
থাকা ফোঁটা জল ছুঁয়ে উষ্ণতা জাগাতে
ডুবিয়েছি ঠোঁট তোমার ঠোঁটে
বাহুডোরে বাঁধা দুজনে হারানো ক্ষণে
জাগ্রত নই সচেতনতায়
মগ্ন নিমগ্ন উন্মুক্ত তৃষ্ণার্ত
একমুঠো উষ্ণতার প্রাপ্তিতে
বর্ষাধারায় আমাদের এ অবগাহন।


১২.০৭.২০১৯

সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

মাটি...

মাটিরও আছে কান্না
পাইলিং এর আঘাতে
কেঁদে যায় নিরন্তর
চেপে থাকা দীর্ঘশ্বাস
এক দমকে বের করে
বলে ওঠে,
আমাকে একগুচ্ছ শেকড় দাও
অাঁকড়ে রবে যারা আমাকে।

জ্যোতি... ১০/০৮/২০১৭

তুমি...

ফিরে এসে ধরা দেয় মুহূর্তগুলো
কর্ণকুহরে বেজে ওঠে সেসব গান
রাতভর হৃৎপিন্ডের স্পন্দনে কান পেতে গাওয়া
নিস্তব্ধ গভীরতায় এ যেন সেই তোমাকেই ফিরে পাওয়া।

 জ্যোতি... ২৪.০৮.২০১৭

কি হবে জেনে... 

কি হবে জেনে
কতটা রাত পার হয়েছে
নির্ঘুম শত ভাবনায়

নিঃসঙ্গ বড় অসহায়
চারপাশ যখন নিঝুম
তোমারই পথ চাওয়ায়

ঘুমিয়ে থাকা প্রহরে
একাকী ভেজা জ্যোৎস্নায়
তুমি নেই হায়

কি হবে জেনে
আছি আজ কোথায়
ঘুমিয়েছি যখন শিউলি ফোটায়।

জ্যোতি... ২৬.০৮.২০১৭

জমাটবদ্ধ প্রহর ও হায়েনা

জমাট বেঁধে থাকে প্রহরেরা
জন্ম নেয় ঘন আঁধার
হাসফাঁস করে চারপাশ
শিকারি হায়েনা ফিসফিসিয়ে যায়
বল তুই আর কি চাস!

জ্যোতি... ১৮.০৯.২০১৭

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

জাতিস্বর

বলেছিলাম আসবো,
শতটা প্রহর পার করে
গোধুলী রাঙা পথ ধরে
সেই আকুল করা আহবানে
সাড়া দিতে আমি আসবো,

এসেছিলামও সেদিন,
কিন্তু ঘাটে বাঁধা ছিলনা
সমর মাঝির সে নৌকো
শেষে সাঁতরেছি একুল - ওকুল
পৌছেছি বকুলের তলে বিলকুল,

কিন্তু দেখলাম,
তোদের ভিটে জুড়ে ধানক্ষেত
বাতাসে দুলছে কচি ধান
মোহনীয় সুবাসে মাতোয়ারা প্রাণ
তবু চারপাশে হাহাকার শুন্যতা,

কেউ নেই,
একলা জাতিস্বর উঠেছি জেগে
পথ ফুরোলে যাবো ভেগে
আসবো ফের কোন দ্বিপ্রহরে
(যখন) বাইক্কার বিলে ফুটবে শতদল।

জ্যোতি... ১৫.০৯.২০১৭

প্রজাপতির মৃত্যু কিংবা ধর্ষণ (মুক্তগদ্য)

প্রজাপতিটা উড়ে বেড়াচ্ছিল এ ফুল থেকে ও ফুল। কিছুটা সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম ওর উড়ে চলা।  হঠাৎ কিরকম যেন উদ্ভ্রান্ত হলাম, হাতের মুঠোয় পুরে নিলাম ওকে। ত্রস্ত পায়ে হেঁটে খুঁজে নিলাম নির্জন নীরব পথের বাঁক।  অদূরে জ্বলছে হলদে স্ট্রিট লাইট।ডানা ঝাপটাতে থাকা, গোঙাতে থাকা কাজল রাঙানো চোখে আতঙ্কের ছায়া।  কিছু বলতে চাওয়ার আভাস চাহনিতে। সময় ক্ষেপন না করে আর, ছিঁড়তে শুরু করলাম ওর ডানাগুলো। কোঁকড়ান শুঁরগুলো কেটে দিলাম ক্রমশ, ঝেড়ে দিলাম সবটুকু আক্রোশ সবেগে। নিথর ওকে গড়িয়ে দিলাম নর্দমায়, চেতনাহীন পড়ে রইলো নোংরা জলে। তৃপ্ত দেহে সুখ আবেশে চললাম এগিয়ে, খুঁজে পাবার আশায় নতুন শিকার।

জ্যোতি... ১৬.০৯.২০১৭

বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬

ফেরা

সেদিনের সকাল থেকেই লাল, নীল, হলুদ, সবুজ
- বাহারি রঙা সব প্রজাপতি দখলে রেখেছিল শাহবাগের আকাশ 
সন্ধ্যে নামতেই জোনাকীরা জ্বেলেছিল মিটমিট আলো
হিমেল বাতাসে গাছের পাতাদের মাঝে চলছিল ফিসফাস;
                          
ওরা আজ আসবে,                 
বহুদিনের তৃষার্ত শুকনো চোখ দু'টিকে ভিজিয়ে দিতে ওরা আসবে;

ষোল থেকে তেইশ
মাত্র আট দিনের উপস্থিতি
কি নিগূঢ় টানে বেঁধে রেখেছিল প্রতিটি মুহূর্ত
হাতের মুঠোয় ছিল কখনো চিনেবাদাম, লজেন্স অথবা কাঠবাদামের সমর্পণ; 

এ পথ থেকে ও পথ
হাকিম চত্বরে দাঁড়িয়ে খিচুড়ি আর চা
লালবাগে মদিনার মিষ্টি
সবকিছুতেই ডানা মেলেছে প্রজাপতি দল;

হাতে কলাপাতা রঙ চুড়ির রিনিঝিনি
হৃদয় মাঝে বুদ্ধ ধ্যান মগ্ন
ধোঁয়া ওঠা সন্ধ্যেয় এক কাপ রবি গান
চলে যাওয়ার সময় হয়ে এল বটে;

খানিক বাদেই আকাশে উড়াল দেবে যন্ত্রপাখি
চাকা গড়াতে শুরু করেছে পিচঢালা পথ ধরে 
ফিরতি পথে আসীন অমিত - লাবণ্য
পাশ আয়নায় বিদায়ী উদ্যত হাতে রবিঠাকুর।

| রিয়াসাত হাসান জ্যোতি, ২৬.০১.২০১৬ | © লেখক

সোমবার, ৩ মার্চ, ২০১৪

ভবঘুরে প্রেম

হাঁটতে হাঁটতে তোর ভবঘুরে প্রেম
এসেছিলো আজ আমার পথে
ধরে রাখা আমার কম্ম নয়
তাইতো দিলাম ছেড়ে,

তুইও পারলিনা রাখতে সামলে আর
মৃত সাজিয়ে প্রেমকে ভাসালি
নোনা জল স্রোতে বেড়ে ওঠা
ক্ষুদে কাকঁড়াদের ভীড়ে।

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৪

শের ~ ১০

মন বাগানে লেগেছে মড়ক
ফোঁটেনা কোন গোলাপ
এ-তো ঝাপি ঢাকা আঁধারের
বিষণ্ণ এক প্রলাপ।

শের ~ ৯

সবে মাত্র দিয়েছিলাম টান
কল্কেতে জুড়ে আগুন
বড্ড অসময়ে এলি তুই
জানাতে এখন ফাগুন।

২১/০২/২০১৪

শের ~ ৮

বিরাজে শুন্যতা
অপারে মৌনতা
হৃদয়ে গুঞ্জন
আহারে ব্যাকুলতা।

২৩/০২/২০১৪