সোমবার, ৫ এপ্রিল, ২০১০

উদ্ভ্রান্ত

শুকনো পাতাটিকে
আমি কখনো রুক্ষ হতে বলিনি
হতে বলিনি কখনো ম্রিয়মান
তবুও সে রুক্ষই থেকে গেলো,

আকাশের বুক চিঁড়ে যখন
ফোঁটা ফোঁটা জল তার উপর পড়ছিল,
তবুও সে জীবিত হয়ে ওঠেনি
রুক্ষতাকেই ধারণ করে

ঝড়ো বাতাসের ডানায় ভর করে
অদৃষ্টের পথে হারিয়েছিল।

আমি...

আমি বিদ্রোহী নই
আমি যোদ্ধাও নই
আমি একজন শ্রমিক,

কখনো ভাঙ্গি
কখনো গড়ি
আমি একজন প্রেমিক।

মুক্তির প্রতীক্ষায় ...

এই শহরের একপ্রান্তে
আমার স্বপ্নগুলো বন্দী
আমার ছোট্ট ফ্ল্যাট-টিতে,

থাই গ্লাসের জানালা দিয়ে
হাত দুটি বাড়িয়েও
ছোঁয়া যায় না বৃষ্টিকে,

এভাবেই কেটে যায় জীবন
একাকী নিরবতায়
কখনো শুন্যতায়,

বেঁচে থাকি আমি
স্বপ্ন অথবা দুঃস্বপ্নের বন্দীত্বে
নিরবিচ্ছিন্ন কিছু ভাবনায়।

শুধূ, মুক্তির প্রতীক্ষায়... ।

তুমি ...

কল্পিত বাসনা আমার তুমি নও
কল্পিত ভাবনাও নও,

আকৃতিহীন তুমি
স্বীকৃতি নেই তোমার,

তুমি ঝড়া পাতাও নও
তুমি মৃত ফুলও নও,

তুমি ধর্ষিত নও
তুমি কর্ষিত নও,

তুমি ধৃষ্টতা
তুমি অদৃষ্টতা,

তুমি লজ্জিত
তুমি বর্জিত,

তুমি রিক্ত
তুমি সিক্ত,

তুমি ধূর্ত
তুমি মূর্ত,

তুমি নও আকাশ
তুমি,
বোশেখের মাঝে বয়ে যাওয়া
দুষ্ট এক বাতাস্।

জীবন কথন

এক পাশে জ্বলছে সিগারেট
আর এক পাশে জ্বলছো তুমি
এই দুয়ের মাঝখানে পুড়ছি
আজ শুধূ এই আমি।

জ্বলছে সিগারেট, জ্বলছো তুমি
পুড়ছি আমি, হচ্ছি ছাই;

এর চেয়ে ঢের ভালো
একা এ জীবন কাটিয়ে যাই।

রবিবার, ৪ এপ্রিল, ২০১০

জন্ম

মনের বাঁধনে বাঁধতে তোমায়
বেঁধেছি এই শরীরে
শক্ত দাঁতের ছোঁয়ার ঝড়ে
রক্ত তোমার অধরে,

সুখ আবেশে কাটে সময়
দুজনের মৃদু শীৎকারে
ঘুম ভেঙে দেখি অবুঝ জীবন
কাঁদছে তোমার জঠরে।

নারী

জীবন তুমি উজাড় করেছো
প্রাপ্তির আশায় বৃদ্ধ বয়সে
ভেবেছিলে তুমি বাকিটা জীবন
কাটিয়ে দেবে সুখ-আয়েসে,

সুখ তো কখনো পাওনি তুমি
শুয়ে থাকো রোজ ফুটপাথে
ছেড়ে গেছে আপন সবাই
নেইতো কেউ তোমার সাথে,

অর্ধ নগ্ন দেহটি দেখে
কেউবা হঠাৎ তাকিয়ে থাকে
কেউবা আবার তোমায় নিয়ে
দুঃখী জনের চিত্র আঁকে,

কখনো কেউ দেয় যে গালি
কেউ দেয় হাতে তালি
মনের সুখে কেউবা তোমার
অঙ্গে জুড়ে দেয় কালি,

রোজ তুমি আজো বদলাও হাতে
তবুও তোমার নিস্তার নেই
রোগ যে কতো বেঁধেছে বাসা
করেছে বিস্তার জানা নেই,

অস্পৃশ্য তুমি মুখের কথায়
ছোঁয় রোজ রাতে সবাই তোমায়
দিনের আলো ফুটলে পরে
তারাই তোমায় কাদাতে রাঙ্গায়,

ঘুমিয়ে আজ ঘুমন্ত নও
জাগ্রত তুমি আমার হৃদয়ে
লড়ছি আমি লড়বো আমি
তোমার যতো দাবী আদায়ে,

হাল ছেড়োনা কখনো তুমি
ছুঁয়ে দাও সব পথের সারি
মুক্ত হও বিহঙ্গের মতো
চিৎকারে বলো ...

আমিই নারী!!!